স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন। আজ রবিবার দুপুর পৌনে ২টায় কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. হাফিজ শেখ (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের ছেলে। আহত দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজ উদ্দিন সিএনজিযোগে মীরের বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাঘের পাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী হাফিজ শেখ ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার পর অজ্ঞাত পিকআপটি পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিক ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
কালীগঞ্জ থানার এসআই জাবেদ হতাহতের খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর দুটি গাড়িই পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।