নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী শেরে বাংলা সিরামিক মার্কেটে ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন সেবা চালু করেছে এনসিসি ব্যাংক। এর ফলে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা কিউআর কোড ব্যবহার করে নগদ টাকা ছাড়াই পণ্য কেনাবেচার অর্থ পরিশোধ ও গ্রহণ করতে পারবেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিসি ব্যাংকের টঙ্গী চেরাগ আলী শাখা কার্যালয়ে এ সেবা উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আরেফিন। অন্যন্যের মধ্যে আরো বক্তব্য দেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবীবুর রহমান, মার্কেটের ব্যবসায়ী নেতা একরাম ফাতেমী টিটু, রাশেদ উদ্দিন আহমেদ, আক্তার মাহমুদ স্বপন, ব্যাংকার তানভীরসহ ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিসি ব্যাংকের এমডি শামসুল আরেফিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে শেরে বাংলা সিরামিক মার্কেটকে ক্যাশলেস লেনদেনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক সহজেই বিল পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি, জাল বা ছেঁড়া নোট এবং খুচরা টাকার বিড়ম্বনা কমবে। পাশাপাশি ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকায় ব্যবসায়ীদের আর্থিক হিসাব আরও স্বচ্ছ হবে।
ব্যাংক কর্মকর্তারা জানান, কিউআরের মাধ্যমে লেনদেনের তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীদের সহজ শর্তে ও কম সুদে ঋণ সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৫ থেকে ৭ শতাংশ রিফাইন্যান্স স্কিমের আওতায় এ সুবিধা দেওয়া হবে। অনুষ্ঠানে ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর এবং NCC Always ও NCC Icon অ্যাপ ব্যবহারের আহ্বান জানানো হয়।