স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের আয়োজনে সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব গাকৃবি’ শীর্ষক আয়োজনে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি তাঁরা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যদের সঙ্গে বিনিময়ের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব, শুভেচ্ছা স্মারক প্রদান এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। তিনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈনসহ বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।