August 26, 2026, 12:58 pm

মৎস্য সম্পদের টেকসই ব্যবহারে গাকৃবিতে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্ত

Reporter Name
  • আপডেট Wednesday, August 26, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মাছের পুষ্টিগুণ, মৎস্য সম্পদের সংরক্ষণ এবং নিরাপদ ও টেকসই উৎপাদনের গুরুত্ব তুলে ধরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্তকরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মাৎস্যবিজ্ঞান অনুষদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মৎস্যজীবী, মাঝি ও গবেষকের নানা পোশাকে ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র‍্যালি শেষে অনুষদ চত্বরে ডিন প্রফেসর ড. ফারহানা হকের সভাপতিত্বে সংক্ষেপিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং অর্থনীতিতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল উৎপাদন বাড়ানোই শেষ কথা নয়; পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম ও জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুন্নবী মন্ডল। আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদসংলগ্ন জলাশয়ে রুই, কালিবাউশ, মৃগেল ও সরপুঁটিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্যসহ অতিথি ও শিক্ষকবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর