August 25, 2026, 5:18 pm

টঙ্গীতে হাসিব হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 25, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম হাসিব হত্যাকাণ্ডের বিচার এবং অভিযুক্ত জোবায়েরের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টঙ্গীর পাগার এলাকায়, ৪৩ নং ওয়ার্ডের জোবায়েরের বাড়ির সামনে স্থানীয় এলাকাবাসী, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে খুনি জোবায়েরের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, মঞ্জুরুল ইসলাম হাসিবকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহতের বাবা ডা. মো. তফিকুল ইসলাম, সাফাত আহমেদ, আশিফ ফেরদৌস তমাল, মীর হোসেন মীর, সিফাতুর রহমান মাহিম, ইমরান হাসান অনিক, আকাশ হোসেন, মেহেরাজ আলম, জিনাত জাহান, কাজল, মেহেদী, শাহাদাত, রাসেল, জুয়েল, হাকিমুল ইসলাম, সালেহা ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৬ জুলাই গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডের জোবায়েরের বাড়ির সামনে অভিযুক্ত জোবায়েরের হামলায় মঞ্জুরুল ইসলাম হাসিব গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর