August 24, 2026, 6:23 pm

টঙ্গীতে ড্রেন থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, August 24, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ফরিদপুর থেকে অপহৃত বিদেশফেরত যুবক আকাশ সরদার (২১)-এর অর্ধগলিত লাশ গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসংলগ্ন একটি ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। র‌্যাবের ছায়া তদন্তে গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানসংলগ্ন ১৯ নম্বর টয়লেটের পাশের একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আকাশ সরদার ফরিদপুর কোতোয়ালি থানার রহমত বেপারীপাড়া গ্রামের করিম সরদারের ছেলে। পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। দেশে ফিরে বেকার অবস্থায় ছিলেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র আকাশকে ফরিদপুর থেকে টঙ্গীতে নিয়ে আসে। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় আকাশের বাবা করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় মাজহারুল ইসলাম মিঠু (৩০), অপু মিয়া (২৫) ও সুমন মিয়া (৩৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম মিঠুকে রোববার টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ইজতেমা ময়দানসংলগ্ন ড্রেন থেকে আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। একই সঙ্গে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর