স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় কর্মরত গাজীপুরের সাংবাদিকেরা। শনিবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের মতবিনিময়সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় গাজীপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকেরা। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য ফোরামের নেতাদের প্রতি আহ্বান জানান সদস্যরা।
সভায় সাংবাদিকেরা বলেন, রাজধানীর পাশের জেলা হওয়া সত্ত্বেও গাজীপুর নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত। জেলার ওপর দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ চলাচল করলেও সড়ক ভাঙাচোরা ও দখল হয়ে যাওয়ায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। পাশাপাশি মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। এসব সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানান নেতারা। মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুরের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। সভা শেষে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। একই সঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্গঠিত কমিটিতে পূর্বের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি এবং রাশেদুল হককে সাধারণ সম্পাদক রাখা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দেশ রূপান্তরের ফয়সাল খানকে, অর্থ ও দপ্তর সম্পাদক আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ এবং যোগাযোগবিষয়ক সম্পাদক করা হয়েছে সময়ের আলোর সাব্বির আহমেদকে। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির মুফতি জাকারিয়া হারুন ও ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিম।