নিজস্ব প্রতিবেদক :: অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। এই হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান মন্ত্রী।
ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে অসুস্থ এই হজযাত্রীর হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে। চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে এই হজযাত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজ ক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজ ক্যাম্পে আসার পর তাঁকে প্রথমে হজ ক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাঁর রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।