April 21, 2026, 2:09 am

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন: মন্ত্রী এ্যানী

Reporter Name
  • আপডেট Wednesday, February 25, 2026
  • 61 জন দেখেছে

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ও একটি আন্দোলন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, তা একসময় বাধাগ্রস্ত হলেও এখন নতুন উদ্যমে তা বাস্তবায়ন করা হবে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনঃখনন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল-বিল রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। তাই খাল সংরক্ষণে জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি বলেন, খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খালের বিভিন্ন অংশে অবৈধভাবে বাধা সৃষ্টি ও বর্জ্য ফেলে দূষণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপসারণ না করলে প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না।
খালের বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখলের প্রসঙ্গ তুলে মন্ত্রী এ্যানি বলেন, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যার সমাধান করা হবে। আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুভাঢ্যা খাল একটি চলমান প্রকল্প। দখল ও দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খননকাজ সম্পন্ন করা গেলে এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর