বিনোদন প্রতিবেদক :: বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমাগুলো বাছাই করে ২১ টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সঙ্গে যৌথ আয়োজনে এ পুরস্কার প্রদান করা হবে। ‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের মতো সমিতির সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতেই এই পুরস্কার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়।
শনিবার বিষয়টি নিয়েই এফডিসিতে পরিচালকি সমিতি সভাপতি কাজী হায়াত, সাধারণ সম্পাদক শাহীন সুমন এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান উপস্থিত হয় একটি চুক্তি সাক্ষর করেন। পুরস্কার আয়োজনটির আহ্বায়কের দায়িত্বে থাকবেন পরিচালক সমিতির সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল।
এ অনুষ্ঠানে জানানো হয় প্রথমবার এ আয়োজন করতে যাচ্ছে পরিচালক সমিতি। প্রতি বছর সেরা সিনেমাগুলোকে পুরস্কৃত করার এই আয়োজন অব্যাহত রাখা হবে।
এ সময় কাজী হায়াত বলেন, ‘পরিচালক সমিতি ও এটিএন বাংলা দারুণ মিলে আমরা দারুণ একটি উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা সফল হব।
ড. মাহফুজুর রহমান বলেন, ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড আজ থেকে শুরু হল। এটি যুগ যুগ ধরে চলবে। এই পুরস্কার আর কোন দিন থামবে না। আপনাদের দায়িত্ব হল- আপনারা শুধু ভাল ছবি বাছাই করে আমাদের দিবেন। আমরা যাচাই করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব।’
এ আয়োজনে হাজির ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, মাসুদ পারভেজ সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরব,পরিচালক শাহর আলম কিরন, জাকির হোসেন রাজু, মমতাজুর রহমান আকবরসহ অনেকেই। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন চিত্রনায়ক সাইমন সাদিক।
যে ২১টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার:
আজীবন সম্মাননা (পুরুষ), আজীবন সম্মাননা(নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলঅভিনেতা, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী), শ্রেষ্ঠ গীতিকা্র। ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী।