November 18, 2026, 12:44 am

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 45 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় জাতীয় গ্রিডের সঙ্গে সফল সংযোগের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সফল এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে মন্ত্রী জানান, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট। এ কারণেই সফলভাবে গ্রিড সংযোগের পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর