ক্রীড়া প্রতিবেদক :: ক্রিকেট ও ফুটবলের পর বর্তমানে যুব হকিতে দারুণ সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাইতো নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড আইকম্যানকে ঢাকায় এনেছে তারা।
হকি ফেডারেশনে আজ রোববার (৩ আগস্ট) সংবাদ সম্মেলেনে নেদারল্যান্ডস থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের নতুন কোচকে হাজির করা হয়। দুই সহকারী কোচ মোহাম্মদ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে সঙ্গে নিয়ে আইকম্যান হকি যুব বিশ্বকাপকে সামনে রেখে নিজের লক্ষ্যের কথা জানালেন। যদিও দুই দিন আগেই আইকম্যানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন। রোববার ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন হকির সাধারণ সম্পাদক লে. কর্ণেল(অব.) রিয়াজুল হাসান।
আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। জুনিয়রদের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই বড় আসরকে সামনে রেখে দেরিতে হলেও নেদারল্যান্ডসের কোচকে মাত্র চার মাসের জন্য এনেছে। আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি কাজ শুরু করবেন তিনি।
বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে ১০টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে পাঠাবো জুনিয়র দলকে। সেখানে কমপক্ষে চারটা ম্যাচ খেলতে চাই।
এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা। অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা। সেখানে নেদারল্যান্ডস এবং জার্মানির সঙ্গে ১০ দিনের ট্যুর হবে। ওই দেশগুলোর সঙ্গে কমপক্ষে ৬টা ম্যাচ খেলব। আর এই ম্যচগুলো খেললে ছেলেরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সঙ্গে-সঙ্গে নিজেদের স্কিলেও উন্নতি করতে পারবে।’