বিনোদন প্রতিবেদক :: অভিনেতা যাহের আলভী-কে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন মোড় নিয়েছে ঘটনাটি। এবার তারই প্রতিবেশী রিমু রোজা খন্দকার একটি খোলা চিঠি প্রকাশ করে পুরো ঘটনাকে নতুনভাবে সামনে এনেছেন।
শনিবার সকাল ১১টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। দীর্ঘ সেই পোস্টে তিনি দাবি করেন, আলভী ও তার স্ত্রী ইকরার পারিবারিক জীবনের অনেক ঘটনাই তিনি কাছ থেকে দেখেছেন।
রিমুর ভাষ্য অনুযায়ী, আলভী অসুস্থ থাকার সময় ইকরা তাকে খুব যত্ন করে দেখাশোনা করতেন। তিনি প্রশ্ন তোলেন ইকরা যদি অন্য কাউকে বিয়ে করে থাকেন, তবে আলভী কেন তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়েছিলেন।
ইকরার বিরুদ্ধে ওঠা মদ্যপান ও নেশার অভিযোগ নিয়েও মন্তব্য করেছেন রিমু। এ বিষয়ে আলভীকেই পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চান, তিনি নিজে কখনো এসবের সঙ্গে জড়িত ছিলেন কি না। পাশাপাশি তিনি আলভীর বিরুদ্ধে জুয়া খেলা ও নারীসঙ্গের প্রতি আসক্তির ইঙ্গিতও দেন।
নিজের পোস্টে রিমু আরও দাবি করেন, তিনি আলভী ও তিথিকে পুবাইল, তিনশ ফিট ও মাওয়াসহ বিভিন্ন স্থানে একসঙ্গে দেখেছেন। তার বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে তিথিকে সতর্ক করা হলে তিনি নাকি বলেন এসব তার ভালো লাগে।
পোস্টের আরেক অংশে রিমু বলেন, আলভী ইকরাকে যথেষ্ট সময় দিতেন না বলেই হয়তো তার জীবনে অন্য বন্ধুর উপস্থিতি থাকতে পারে। ইকরার মৃত্যুর পর আলভী ও তিথিকে ঘিরে সামাজিক মাধ্যমে যে আলোচনা ও ভাইরাল হওয়া দেখা গেছে, তা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার মতে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মানেই কোনো অভিযোগ সত্য হয়ে যায় না।
পোস্টের শেষদিকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেন। রিমুর আশঙ্কা, তিথির পরিবার প্রভাব খাটিয়ে তার বা অন্য কারও ক্ষতি করতে পারে কি না সেটিই এখন দেখার বিষয়। এদিকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত আলভী বা তিথির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।