July 3, 2026, 9:54 pm

রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত

Reporter Name
  • আপডেট Friday, July 3, 2026
  • 15 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: কেউ রাজনীতি করতে চাইলে অভিনয় ছেড়ে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন অভিনেতা আবুল হায়াত। তিনি বলেছেন, ‘‘শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।’’ আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল হায়াত এ কথা বলেন। তিনি বলেন, ‘‘আমি মনে করি, শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত না। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।’’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।
আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এমএ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে ডিএ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বিএইচ নিশান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর