নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার কলাতলী এলাকা থেকে বাস টার্মিনালের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় উত্তরন আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে একাধিক মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর কক্সবাজারের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার একটি অভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করে।
পুলিশ আরও জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সদর মডেল থানার একটি দল বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে একসঙ্গে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পর্যটক সেজে ওই রিসোর্ট এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) ও মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।