November 10, 2026, 8:45 pm

বাহুবলী’র মেয়ের বিয়েতে অতিথি ৪ লাখ, বর-কনে বসবেন ১০০ ফুট মঞ্চে

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 1 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক:: মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আপ্যায়নের প্রস্তুতি নিয়ে ভারতে আলোচনায় এসেছেন বিহারের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। ‘বাহুবলী’ হিসেবে পরিচিত এই রাজনীতিকের মেয়ের বিয়েকে ঘিরে চলছে বিশাল আয়োজন। অতিথিদের থাকা-খাওয়া থেকে শুরু করে সাজসজ্জা-সবকিছুতেই রাখা হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ে অনুষ্ঠিত হবে। বিহারের পাটনা জেলার মোকামা এলাকার লাদমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতে বসবে বিয়ের মূল আসর। বিয়েতে প্রায় চার লাখ মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে।
এ জন্য তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ নির্মাণের দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশের মউ জেলার কারিগরেরা। আগামী ২০ নভেম্বরের মধ্যে এসব কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ভিভিআইপি অতিথিদের জন্য থাকবে আলাদা প্যান্ডেল। বর-কনের জন্য তৈরি হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। এটি সাজাতে ব্যবহার করা হবে ১৫ টন অলংকার। এই মঞ্চেই বসবেন শিবাঙ্গী ও ঋষিকেশ। বিয়ের পর বরপক্ষের সঙ্গে বিহতার রামকৃষ্ণ নগরে নতুন বাড়িতে উঠবেন শিবাঙ্গী। সেখানে বিয়ের পরবর্তী বিভিন্ন আচার-অনুষ্ঠান হবে। তবে মূল বিয়ের আয়োজন থাকছে লাদমা গ্রামে।
বার্তা সংস্থা এএনআইকে অনন্ত সিং জানিয়েছেন, বিয়েতে ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও পাকিস্তান থেকে অতিথিরা আসবেন। ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে মেয়ের বিয়ের মাত্র ছয় দিন পরই আইনি জটিলতায় পড়তে পারেন অনন্ত সিং। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে গত বছরের অক্টোবরে হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পান। পরে সুপ্রিম কোর্ট তাকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সম্প্রতি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য নয়জনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়ান অনন্ত সিং। পরে বক্তব্যের ব্যাখ্যায় তিনি দাবি করেন, লালুপ্রসাদ যাদবের সরকারের আমলে তার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং তাকেও গুলি করা হয়েছিল। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের ওপর হামলা হয়েছিল বলে বোঝাতে চেয়েছিলেন তিনি। এদিকে অনন্ত সিংয়ের বিতর্কিত বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি ও এএনআই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর