আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে। গতকাল রবিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনায় ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৪৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৫৩ জন রয়েছেন।
এসপিএর তথ্যমতে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত কর্তৃপক্ষ।
এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োজিত করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করলে কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্যান্য সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দিতে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।