August 9, 2026, 8:58 pm

মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, August 9, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে। পরে তিনি সরাসরি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রের বর্তমান পরিচালন ব্যবস্থা, দৈনন্দিন বিদ্যুৎ উৎপাদন, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, যন্ত্রপাতির কার্যক্ষমতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ঋণ এবং আন্তর্জাতিক আধুনিক কারিগরি সহায়তায় নির্মিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ খাতের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রে ৬০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ইউনিট দুটি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে পরিচালিত হয়। এ প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাসের নিঃসরণ তুলনামূলকভাবে কম রাখা সম্ভব। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাশাপাশি প্রকল্পের আওতায় কয়লা পরিবহনের জন্য গভীর সমুদ্রভিত্তিক নিজস্ব বন্দর ও জেটি সুবিধা, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন, সংযোগ সড়ক এবং বিভিন্ন সহায়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি জাতীয় গ্রিডে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনিক ভবনে বৈঠক শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কার্যকরী অংশ ও ভবিষ্যতে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন শুরু করেন। দুপুর ১২টা ২৯ মিনিটে তিনি প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে তাঁকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর মাতারবাড়ী পরিদর্শনের সময় তাঁর সঙ্গে সরকারের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী, সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সচিব বেলায়েত হোসেন মৃধাসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর