November 10, 2026, 9:06 pm

রাজধানীর তুরাগে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিন তরুণ আটক

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর তুরাগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নামে মিছিল বের করার প্রস্তুতিকালে তিন তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক তিনজনের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ব্যক্তি ব্যানার নিয়ে প্রত্যাশা ব্রিজ এলাকায় জড়ো হন। সেখানে মিছিল বের করার প্রস্তুতি চলছিল বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান ও এএসআই মো. সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল শুরু হওয়ার আগেই সেখান থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ীর মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সাত ফুট লম্বা ও তিন ফুট চওড়া একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাঁদের বিরুদ্ধে কোন আইনি ধারায় মামলা করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় মিছিলের প্রস্তুতিতে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের বিষয়ে পুলিশের প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর