ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ। এ সময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোসলেম উদ্দিন ও আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা রংপেনসিল ও তুলির আঁচড়ে তাদের মনের নানা কল্পনা ও সৃজনশীল ভাবনা ফুটিয়ে তোলে।
সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান জানান, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। আগামী শনিবার প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।