স্টাফ রিপোর্টার, টঙ্গী:: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল ও যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান পিন্টুর উদ্যোগে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় মধুমিতা এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মোটরসাইকেল আরোহী শোডাউনে অংশগ্রহণ করেন।