July 19, 2026, 5:43 am

দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মঞ্চে উঠছেন রুনা লায়লা

Reporter Name
  • আপডেট Saturday, July 18, 2026
  • 19 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এবার সংগীতের মাধ্যমে মানবিক উদ্যোগে হাজির হচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত একটি বিশেষ একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। একই অনুষ্ঠানে তাঁর দীর্ঘ শিল্পজীবন ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হবে।
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’—এই চেতনা ধারণ করে কয়েক দশক ধরে সংগীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন রুনা লায়লা। তাঁর কণ্ঠে প্রেম, মানবিকতা, দেশাত্মবোধ ও সংস্কৃতির নানা অনুষঙ্গ নতুন মাত্রা পেয়েছে। সেই শিল্পযাত্রার স্বীকৃতি দিতেই আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনের মূল লক্ষ্য বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থই বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যার্তদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ এই একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।  আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমীদের অংশগ্রহণের মাধ্যমে বন্যার্তদের জন্য উল্লেখযোগ্য সহায়তা তহবিল গড়ে তোলা সম্ভব হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর