April 21, 2026, 1:40 am

পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা বিশেষ করে রমনা পার্ক ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বহুমাত্রিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
নিরাপত্তার স্বার্থে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠানস্থলে কোনো ধরনের মুখোশ, ব্যাগ বা ধারালো বস্তু বহন করা যাবে না। আতশবাজি ফোটানোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। জনসাধারণের জন্য বিকেল ৫টা পর্যন্ত রমনা পার্কে প্রবেশের সুযোগ থাকবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পোশাকি পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য নেই উল্লেখ করে তিনি দেশবাসীকে নির্ভয়ে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর