April 20, 2026, 10:28 pm

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

Reporter Name
  • আপডেট Sunday, February 8, 2026
  • 87 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে পুরস্কার জিতে নিল বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। উৎসবের মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা নির্বাচিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি।
পুরস্কার জয়ের পর রটারড্যামের মঞ্চে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘প্রায় তিন বছর আগে আমরা এই সিনেমার কাজ শুরু করেছিলাম। সে সময় রাজনৈতিকভাবে বাংলাদেশের ভেতরে একধরনের অস্থিরতা চলছিল। প্রতিনিয়ত দুশ্চিন্তা বাড়ছিল। সেটা ব্যক্তিগতভাবে আমি খুব কাছ থেকে দেখেছি। ভাবলাম এই বিষয় নিয়ে সিনেমা বানানো উচিত। এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ, আমাদের মতো দেশে রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে সিনেমা বানানো হলে সেন্সর বোর্ড ও সরকারি হস্তক্ষেপের মধ্যে পড়তে হয়। আমি জানি না আমাদের দেশে সিনেমাটির কী প্রভাব পড়বে। কিন্তু রটারড্যাম উৎসবের এই পুরস্কার হয়তো অনেক কিছু পরিবর্তন করে দেবে।
রটারড্যামের এই পুরস্কার টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী এলাকার মানুষদের উৎসর্গ করেছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমি মাস্টার সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সকলের চেস্টার কারণেই মাস্টারের এই অর্জন। ভালোবাসা জানাতে চাই টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী এলাকার মানুষদের। যেখানে এই সিনেমার শুটিং হয়েছে। তাঁদের সহায়তা ছাড়া এই সিনেমা হয়তো শেষ করা যেত না। রটারড্যামের এই পুরস্কার তাঁদের উৎসর্গ করছি।
পুরস্কার ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাস্টার সিনেমার তিন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। ক্যাপশনে বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!
মাস্টার সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে রাজনৈতিক থ্রিলার ঘরানায়। গল্পে দেখা যাবে, জহির আহমেদ নামের এক শিক্ষক সমাজসেবায় এলাকাবাসীর কাছে জনপ্রিয়। ওই এলাকার উপজেলা নির্বাচনের সময় প্রার্থীর অভাব দেখা দেয়। তখন শিক্ষক জহির আহমেদকে প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সবার অনুরোধে ভোটে দাঁড়ায় জহির। বিপুল ভোট পেয়ে চেয়ারম্যানও হয়। উপজেলা চেয়ারম্যান হওয়ার পর বদলে যায় ওই শিক্ষকের জীবন।
রটারড্যাম উৎসবেই প্রিমিয়ার হয়েছে মাস্টার সিনেমার। উৎসবের মাঝপথে জানা যায়, নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস। মাস্টার ছাড়াও এবার রটারড্যাম উৎসবে অংশ নেয় বাংলাদেশের আরও দুই সিনেমা। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ প্রতিদ্বন্দ্বিতা করে টাইগার প্রতিযোগিতা (মূল প্রতিযোগিতা) বিভাগে। মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ প্রদর্শিত হয় উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর