স্টাফ রিপোর্টার টঙ্গীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা এস. এ শাকিল আহমেদ সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে টঙ্গী পূর্ব থানা যুবদল এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে যুবদল নেতা এস. এ শাকিল আহমেদ সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার-ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা।টঙ্গী ও গাজীপুর মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।