শেখ কামরুল হাসান সাহা:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ র্যালী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি টঙ্গী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু।
এ সময় মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু বলেন , যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল নেতা সাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার-ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকতে চাই এবং আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।