স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কার্তিক স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাছা থানার ডিউটি অফিসার এসআই নিত্ত বলেন, থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। নিহতের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।