মোঃ জাফর আলী:: গাজীপুরের টঙ্গীতে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও চোরাগোপ্তা হামলার আশঙ্কা মোকাবিলা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে রাজপথে অবস্থান নিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতাকর্মীরা। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন সড়কে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তার পক্ষে নিজেদের অবস্থান জানান দেন। এ সময় নেতাকর্মীরা বলেন, অন্যায়, সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। তাঁদের দাবি, কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সচেষ্ট থাকবেন। নেতাকর্মীরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের নিরাপত্তা ও জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। টঙ্গীতে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। এদিকে, টঙ্গীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।