বিনোদন প্রতিবেদক:: নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়ক সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাঁদের কেউই দেশে না থাকলেও আগামী ১৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুজন অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’। ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
পরিচালক জানিয়েছেন, সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি শো চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি শো পাওয়া যাবে, তা এক-দুই দিনের মধ্যে জানা যাবে।
নায়ক-নায়িকা দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে নির্মাতা জানান, দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রচার চালাচ্ছেন। তাই তাঁদের সরাসরি উপস্থিতি না থাকাকে বড় বাধা মনে করছেন না তিনি। দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়েছে। এবার আর দেরি না করে দর্শকের সামনে ছবিটি তুলে দিতে চান বলে জানান পরিচালক।
একসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। সর্বশেষ ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন মাহি। এর আগে ‘বুবুজান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে এরপর নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। ২০২৫ সালের জুনে তাঁর দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসে।
অন্যদিকে, ২০২৫ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক। এরপর থেকে দেশে ফেরেননি তিনি। সম্প্রতি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তাঁর অভিনয়ের খবরও সামনে এসেছে। এর মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে সাইমন-মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’।
নাম একই হলেও প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের ‘আনন্দ অশ্রু’ সিনেমার সঙ্গে নতুন ছবিটির গল্পের কোনো মিল নেই। এটি পুরোনো সিনেমাটির সিক্যুয়েলও নয়। সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত ছবিটিকে ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে বর্ণনা করেছেন পরিচালক।
মোস্তাফিজুর রহমান মানিক জানান, ‘জান্নাত’ সিনেমার পর সাইমন ও মাহিকে নিয়ে এটি তাঁর দ্বিতীয় কাজ। নতুন ছবির গল্প সম্পূর্ণ আলাদা। নামের কারণে পুরোনো সিনেমার সঙ্গে তুলনা তৈরি হতে পারে, তবে দর্শকের জন্য ভালো একটি সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তিনি। পরিচালকের ১২তম সিনেমা এটি। তাঁর ভাষ্য, সেন্সরসহ প্রয়োজনীয় সব কাজ দুই বছর আগেই শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন ছবিটি আটকে ছিল। সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র।
‘জান্নাত’ সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। ওই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে সাইমন ও মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।