বিনোদন প্রতিবেদক:: আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্সেডশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২৬ এ শ্রেষ্ঠ অভিনেতার (চলচ্চিত্র) পুরস্কারে ভূষিত হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের জন্য মোশাররফ করিমকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর নিউ ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ সময় চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদেরও অ্যাওয়ার্ড দেওয়া করা হয়। এজেএফবি আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
মোশাররফ করিম বলেন, ‘আমি খুবই অভিভূত ও সেই সঙ্গে আনন্দিত।
অভিনয়ই আমার জীবন, অভিনয় আমার পেশা। খুব ভালো লাগে যখন কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সম্মাননা পাই।
এটা যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে কাজের স্পৃহা যোগায়, অন্যদিকে দায়বদ্ধতা বৃদ্ধির অক্সিজেন। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এজেএফবি কর্তৃপক্ষকে।’
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। অন্যান্যদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরব আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরষ্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার ও চিত্রনায়ক নিরবসহ প্রমুখ গুণী ব্যক্তিরা।