বিজয়বাংলা টিভি ডেস্ক :: শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ প্রত্যয়ের কথা জানান।
সাক্ষাতে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউনেস্কোর দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক ঐতিহাসিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং সম্প্রতি টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পকে ইউনেস্কোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-তে অন্তর্ভুক্তি সেই সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদানের মাধ্যমে সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষতা বাড়াতে ইউনেস্কোর সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি। এ সময় তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
জবাবে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও বিস্তৃত করার আগ্রহের কথা জানান তিনি।
ড. সুসান ভিজে বলেন, বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি, প্রতিভা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এ খাত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় সৃজনশীল অর্থনীতিকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, যুব উন্নয়ন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ইউনেস্কো অংশীদারত্ব আরও গভীর করার এবং অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।