বিনোদন ডেস্ক :: গত ঈদুল আযহায় দেশের সিনেমাহলে মুক্তি পায় শাকিব খান ও ইধিকা পাল জুটির ‘প্রিয়তমা’ সিনেমাটি। ব্যাপক সাড়া ফেলে সেটি। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সাফল্যের সঙ্গে প্রদর্শিত হয়। বর্তমানে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ভারতেও মুক্তির তোড়জোড় চলছে। এরমাঝেই জানা গেল, ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং হতে যাচ্ছে সিনেমাটি। ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি দেয়া হবে ‘প্রিয়তমা’। এরই মধ্য প্রতিষ্ঠানটি প্রচারণাও শুরু করেছে। বুধবার বায়স্কোপের অফিশিয়াল ফেসবুক পেজে ‘প্রিয়তমা’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ওটিটি প্লাটফর্মে প্রকাশিত হয়েছে ‘প্রিয়তমা’র ট্রেলারও! যদিও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেননি ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা।
‘প্রিয়তমা’র ওটিটি স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা করে বায়স্কোপ জানিয়েছে, আগামী ২২ আগস্ট মোবাইল, ওয়েবসাইট ও টিভি-তে ‘প্রিয়তমা’ দেখতে পারবেন শুধুমাত্র বায়স্কোপে।বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলেন, ‘আমাদের কথাবার্তা চূড়ান্ত। তবে বায়োস্কোপে মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সেটা না হলেও এ মাসের শেষদিকে এটি বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত। তবে দর্শকদের এটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তবেই দেখতে হবে। আর শুধু বাংলাদেশের দর্শক এটি উপভোগ করতে পারবেন।’ ঈদুল আযহায় ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছে এ সিনেমা। শুধু তাই নয়, মুক্তির সপ্তম সপ্তাহে এসেও ‘প্রিয়তমা’ আলোচনায়। সিনেমাটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। শাকিব খান ছাড়া এতে আরও অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবী প্রমুখ।