বিনোদন প্রতিবেদক, ঢাকা :: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই উত্তাল নাটকপাড়া। ১৩ আগস্ট চমক ইস্যু ও অন্যান্য সংকট সমাধানে একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে চমকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করে ডিরেক্টরস গিল্ড। তখন ডিরেক্টরস গিল্ড জানায়, দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরবে।
আজ সোমবার দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলনের ডাক দেয়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করে সংগঠনটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।
সংগঠন থেকে আরও জানানো হয়, ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।
এরপর সংকট সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ।