বিনোদন ডেস্ক :: পরীমনি ও শরিফুল রাজ দম্পতি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। এবার জানা গেল, তারা দু’জনই হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার মধ্যেরাতে রাজের মাথা ফেটে রক্ত বের হওয়ার ছবি ভাইরাল হয়েছে। অপরদিকে পরীমনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির খবর নিজেই ফেসবুকে জানিয়েছেন। যদিও কেন এবং কীভাবে রাজের মাথা ফাটলো তা এখনো পরিষ্কার নয়। জ্বর নিয়ে পরীমনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে একইসঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ায় তারকা এ দম্পতিকে নিয়ে গতকাল থেকে নানা গুঞ্জন চাউর হয়েছে। গুঞ্জন উঠেছে, তারা আর একসঙ্গে নেই।
আবার একটি সূত্র বলছে, তাদের মারামারির ফলেই রাজের মাথা ফেটেছে। তবে পরী-রাজ কেউ বিষয়টি খোলাসা করেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা রকমের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন তারা একসঙ্গে ঘর করার জুঁটি নন। আলাদা থাকাই তাদের জন্য মঙ্গল হবে। অনেকে বলছেন, দু’জনই মিলে যাওয়ার একদিনের মাথায় মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অনেকেই তাদের সুস্থতা কামনা করেছেন।
নিজের ফেসবুক ওয়ালে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দু’টি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমরা পরীতমা। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দু’জনেই রয়েছেন একই হাসপাতালে। সম্প্রতি মান-অভিমান ভুলে প্রায় ৩ মাস পর এক হয়েছিলেন রাজ-পরী। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। কিন্তু হঠাৎ তাদের হাসপাতালে ভর্তির খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে জানা গেছে, রাজ ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে পরীমনি মুঠোফোনে বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলাম। চাচ্ছিলাম না হাসপাতালে ভর্তি হতে। তারপরও হতেই হলো। রাজ সম্পর্কে জানতে চাইলে পরী বলেন, আমি জানি না রাজ কোথায় আছে। এদিকে গত বুধবার রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।