বিনোদন নিউজ ডেস্ক :: অভিনয়ে প্রশংসা পেলেও তৃষ্ণা থেকেই যায়। কাজের তালিকা দীর্ঘ হলেও শেষ হয় না কাঙ্ক্ষিত চরিত্রের সন্ধান। তারপরও কিছু চরিত্র বারবার মনের পর্দায় ভেসে ওঠে। তেমনই প্রিয় কিছু চরিত্র নিয়ে কথা বলেছেন এ সময়ের দর্শকপ্রিয় চার তারকা।
সাবিলা নূর : অনেক সাক্ষাৎকারেই বলেছি, গল্প ও চরিত্র যদি ভালো না লাগে, তাহলে অভিনয় করার কোনো মানে নেই। এখন এই কথা শুনে অনেকে প্রশ্ন করতেই পারেন– তাহলে কী অভিনীত প্রতিটি নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজের সব চরিত্রই প্রিয়? এর উত্তরে বলব– হ্যাঁ, নিজের প্রতিটি কাজের প্রতি ভালো লাগা আছে। তারপরও কিছু চরিত্রের প্রতি আছে বাড়তি ভালো লাগা। শুধু দর্শক প্রশংসার জন্য নয়, বরং চরিত্রের সঙ্গে মিশে গিয়ে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য।
জান্নাতুল সুমাইয়া হিমি : অসংখ্য নাটক, টেলিছবি থেকে হাতেগোনা কয়েকটি প্রিয় চরিত্র বের করা মোটেও সহজ নয়। কিছু চরিত্র দর্শকের প্রশংসার কারণে প্রিয় হয়ে উঠেছে, কিছু গল্প ও উপস্থাপনার কারণে ব্যতিক্রমী হয়ে উঠেছে। আবার নতুন অভিজ্ঞতার কারণে প্রিয় হয়ে উঠেছে কিছু চরিত্র। যেমন ‘অনাকাঙ্ক্ষিত সত্য’ নাটকে অভিনীত চরিত্রের কথাই বলি। প্রধান চরিত্রে প্রথম অভিনয়ের সুবাদে এই নাটকটির প্রতি অন্যরকম ভালো লাগা আছে।
সাদিয়া আয়মান : প্রিয় চরিত্রের কথা বলতে গেলে সবার আগে আসবে এমন একটি সিনেমার নাম, যেটি এখনও কেউ দেখার সুযোগ পাননি। কী, আমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছেন? রহস্য-টহস্য কিছু না, বলতে চাচ্ছি ‘কাজলরেখা’ ছবির কথা। যেটি কিছুদিন পর দর্শক দেখার সুযোগ পাবেন। এই ছবিতে কাজলরেখার কিশোরী চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটি আমার ভীষণ প্রিয়। ভালো লাগার আরেকটি কারণ হলো, এই চরিত্র রূপায়ণে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম দিকনির্দেশনা দিয়েছেন। এর বাইরেও ছোট পর্দায় অনেক নাটক, টেলিছবিতে অভিনয় করেছি, যার বেশ কিছু চরিত্রের প্রতি আলাদা ভালো লাগা আছে।
তানিয়া বৃষ্টি : প্রতিটি চরিত্রেই মনপ্রাণ ঢেলে অভিনয়ের চেষ্টা করি। যেজন্য অভিনীত বেশির ভাগ চরিত্রের প্রতি এক ধরনের ভালো লাগা আছে। তারপরও কিছু চরিত্র সবার কাছে আমাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। চরিত্রের সুবাদেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছি। বিশেষ করে এখনকার কাজের কথা যদি বলি, তাহলে শুরুতেই আসবে ‘পিনিকেই ঝিনিক’ নাটকটির কথা। এ নাটকে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। একইভাবে ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ নাটকের কথাও বলতে হবে।