বিনোদন নিউজ ডেস্ক :: বাংলা ছবির ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়ল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’। এক মাসেই সিনেমাটির প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ! সেখানে তিনি জানান, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে! এর আগে প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২য় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। চতুর্থ সপ্তাহের এই কালেকশন গিয়ে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখে! ইতোমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬টি সিনেমা হলে চলছে শাকিব খান-ইধিকা পালের ‘প্রিয়তমা’।
দর্শকরা এখনো ছবিটি দেখতে হলগুলোতে ভিড় করছেন। দেশের সবগুলো সিনেপ্লেক্সে দৈনিক ১৪টি শো প্রদর্শিত হচ্ছে প্রিয়তমা, ব্লকবাস্টারে ৭ শো এবং লায়ন সিনেমাসে ৪টি করে শো প্রদর্শিত হচ্ছে। এসব মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানান, হলিউডের ছবিগুলোর চেয়েও ঈদে বাংলা সিনেমা ভালো চলছে। এর মধ্যে প্রিয়তমা দর্শক চাহিদার শীর্ষে। দর্শকদের আগ্রহের কারণে দৈনিক শোগুলো প্রায় হাউজফুল যাচ্ছে। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘বাংলা সিনেমা দর্শক দেখে না এটা টোটালি ভুল প্রমাণ করেছে এবারের ঈদের ছবিগুলো। এর মধ্যে প্রিয়তমা নিয়ে দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখা গেছে। মুক্তির একমাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সের সব শাখার ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে।’
সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এখনো দেশের অধিকাংশ বড় বড় সিনেমা হলে টানা চলছে ‘প্রিয়তমা’। একটানা এতদিন কোনো ছবি চলা মানে সুপারডুপার হিট হওয়া। আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বহুদিন পর আবার প্রিয়তমা দিয়ে জেগে উঠেছে। দেশের ছবি এমন ভালো চলছে ভিনদেশি ছবির দরকার হয় না।