স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পূর্ব থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মাছিমপুর তিতাস গ্যাস রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃত ইকবাল হোসেন (৪৮) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মাছিমপুর এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।