স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও ছিনতাই দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং পোশাকশিল্পে স্থিতিশীলতা ফেরাতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ কমিশনার। এসব ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নগরীর বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধানে সাংবাদিকদের মতামত শোনেন পুলিশ কমিশনার। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, ফজলুল হক মোড়ল, মুজিবুর রহমান, রেজাউল বারী বাবুল, আজিজুল হক, ইকবাল হোসেন ভূঁইয়া, আবুল হোসেন ও ইজাজ আহমেদ মিলনসহ অনেকে।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার বলেন, “৫ আগস্টের পর বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে কার্যকর রাখতে এবং আইন-শৃঙ্খলা সমন্বিত ও উন্নত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি গাজীপুরে দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানকার সার্বিক বিষয় পর্যালোচনা করছি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে অসন্তোষ ও অস্থিরতা তৈরি হচ্ছে, তা নিরসনে পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কাজ চলছে।” সভায় জানানো হয়, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার প্রায় ১৭ থেকে ১৮টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে কমিশনার বলেন, “মাদকের বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করব। এর সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তিনি রাজনৈতিক দলের লোক হোন কিংবা পুলিশ সদস্য, কাউকেই ছাড় দেওয়া হবে না।” নগরীতে ছিনতাই ও অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনলাইন জুয়া সমাজের বড় ব্যাধিতে পরিণত হয়েছে। ইতোমধ্যে এ ধরনের কয়েকটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশ কমিশনার জানান, স্কুল-কলেজের ছাত্রীদের সুরক্ষা এবং কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান শুরু ও ছুটির সময়ে এসব দল দায়িত্ব পালন করবে।
গাজীপুরের যানজট নিরসনে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও সড়কের স্বল্পতার কারণে নগরীতে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। ট্রাফিক বিভাগের সদস্যরা সকাল থেকেই দায়িত্ব পালন করছেন। যান চলাচল আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। গাজীপুর মহানগরীকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সাংবাদিকদের পাশাপাশি নগরবাসীর কাছ থেকেও তথ্য ও গঠনমূলক পরামর্শ চেয়েছেন নবাগত পুলিশ কমিশনার।