স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বংশাই নদীতে মৎস্য অবমুক্ত এবং বলিয়াদী এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বংশাই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। পরে তিনি বলিয়াদী এলাকার কয়েকটি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, বিএনপি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার প্রতিও দলটি দায়িত্বশীল। নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে নিয়মিতভাবে মৎস্য অবমুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা সম্ভব। ক
র্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচির মাধ্যমে একদিকে বংশাই নদীর জলজ সম্পদ ও দেশীয় মাছের সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পরিবেশকে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।