স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহিন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল।
এ সময় টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। এতে টঙ্গীর মহাসড়ক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির জানান দিতে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।