July 9, 2026, 11:32 pm

সাজেকে আটকে পড়া দেড় শতাধিক পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় আটকে পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকের নিরাপত্তা ও উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের নির্দেশনা ও বাঘাইহাট জোনের (১৪ ইস্ট বেঙ্গল) সার্বিক তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে সাজেক সড়কের মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার সংলগ্ন মূল সড়কটি পানিতে ডুবে যায় এবং বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতিতে গত বুধবার (৮ জুলাই) থেকে সাজেক ভ্যালিতে প্রায় পাঁচশ পর্যটক আটকে পড়েন। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষপ করে আটকে পড়া পর্যটকদের সাজেকের বিভিন্ন রিসোর্টে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থাসহ অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম পর্যায়ে প্রায় দেড় শতাধিক পর্যটককে সেনাবাহিনীর নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহায়তায় নিরাপদে উদ্ধার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাজেক ভ্যালিতে আটকে পড়া বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও দ্রুত উদ্ধার কার্যক্রম স্থানীয় জনগণ এবং পর্যটকদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।
নিরাপদে উদ্ধার হওয়া পর্যটকেরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই দুর্যোগের মধ্যেও নিরাপদে গন্তব্যে ফেরার সুযোগ পাচ্ছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সেনা কর্মকর্তারা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর