টাঙ্গাইল প্রতিনিধি:: সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তবেই টাঙ্গাইল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরীতে পরিণত হবে। সাংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষের বিচরণ বাড়বে, যার ফলে সমাজে মাদক, সন্ত্রাস, অন্যায়-অবিচার, অনিয়ম ও অনাচার কমে আসবে। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক নগরী গড়ে তোলার অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী ফিরোজ আহমেদ বাচ্চুসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।