নিজস্ব প্রতিবেদক :: এবার দেশীয় পশু দিয়েই কোরবানি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে এক কোটির বেশি কোরবানির পশু রিজার্ভ রয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে এক মতবিনিময়সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে আগামী কোরবানির ঈদে যে পরিমাণ গরু, মহিষ, ভেড়া ও ছাগলের প্রয়োজন, সেই তুলনায় পর্যাপ্ত জোগান আছে, শর্ট হওয়ার কোনো কারণ নেই। সবকিছু মিলিয়ে আমাদের এক কোটির ওপর পশু কোরবানির জন্য রিজার্ভ আছে। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এবার সরকারিভাবে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হচ্ছে না।
এ ছাড়া চোরাই পথে যাতে কোনো পশু না আসে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকার জনগণকেও সচেতন করা হয়েছে, যাতে বাইরে থেকে কোনো পশু না আসতে পারে।
বর্তমান সরকারকে কৃষকপ্রেমিক সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। যার কারণে এই সরকার ক্ষমতায় আসার পর যে কয়েকটা মেজর সিদ্ধান্ত হয়েছে, বেশিরভাগই কৃষক সম্পর্কিত। মাত্র তিন মাসের মধ্যে দশ হাজার টাকা ঋণ মওকুফ থেকে শুরু করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সবইতো কৃষকদের জন্য। চামড়ার দামের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, আমরা চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নতুন দাম নির্ধারণ করেছি। চামড়ার দাম কম-বেশি হওয়াটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর।
বাজারে গরুর মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, উৎপাদনের সঙ্গে সবকিছুর দাম নির্ভর করে। বিগত সরকার কৃষিবান্ধব ছিল না বলেই গবাদি পশুর খাবার বাইরে থেকে আমদানি করা হয়েছিল, বলেন তিনি।
সভায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব মো. দেলোয়ার হোসেন।