April 17, 2026, 6:22 am

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান

Reporter Name
  • আপডেট Thursday, April 16, 2026
  • 6 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ::  শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, বইপড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে এই মেরুদণ্ড শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।
দেশে সম্মান ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। আমরা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, যা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষিকা সীমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বিদায়ী শিক্ষিকাকে ক্রেস্ট উপহার, বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সেবা দেওয়া বিদায়ী শিক্ষিকা সীমা মুৎসুদ্দিকে সম্মান জানানো শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান শিক্ষা। এই সম্মান তিনি সারাজীবন মনে রাখবেন, আর তোমরাও মনে রাখবে, শিক্ষকদের সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের বইপড়ায় উৎসাহিত করে মেয়র বলেন, বই তোমাদের জ্ঞান সমৃদ্ধ করবে। ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিভিন্ন মনীষীর জীবনী পড়তে হবে।
এছাড়া শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার দাবি করার পরামর্শ দেন মেয়র। তিনি একটি স্কুলের উদাহরণ তুলে ধরে বলেন, ছোট্ট একটি মেয়ে সাহস করে তার স্কুলের সমস্যার কথা আমাকে বলেছে, এটাই আমি দেখতে চাই।
মেয়র অভিভাবক ও সমাজের প্রবীণদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একসময় মুরুব্বিরা শিক্ষার্থীদের খোঁজ নিতেন। সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই সমাজ আলোকিত হবে।
স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের সকালের নাশতা করে স্কুলে আসার পরামর্শ দিয়ে বলেন, খালি পেটে এলে মেধার বিকাশ ব্যাহত হয়। সুষম খাদ্য গ্রহণ করলে মস্তিষ্ক সক্রিয় থাকে। সিটি করপোরেশনের অধীনে স্কুল কলেজে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন রোগের নিরূপণে ছাড় পাবে।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল হক। বিশেষ অতিথি ছিলেন এসএম নাছির উদ্দীন মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জিএম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন পাঁচলাইশ এসএম নাছির উদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, স্কুলের অভিভাবক সদস্য আইয়ুব আলী, রাশেদুল আলম, সুমি আকতার, রাজনীতিবিদ এসএম আবুল কালাম আবু, মোরশেদুল আলম, লিয়াকত আলী জসিম, জানে আলম সোহেল, ইসমাঈল হোসেন বালি, ফিরোজ মাহমুদ, ইসমাইল মির্জা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর