মো: আক্তার হোসেন ডালি:: ৫৩ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলীর উদ্যোগে এলাকাবাসীর স্বস্তি গাজীপুর সিটি কর্পোরেশন–এর ৫৩ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকায় ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্যোগটি নেন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ড্রেনের কারণে এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে মোহাম্মদ আলী নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন এবং সরেজমিনে উপস্থিত থেকে কাজের তদারকি করেন। এলাকাবাসী জানান, সময়োপযোগী এই উদ্যোগে তারা স্বস্তি অনুভব করছেন। তাদের মতে, দীর্ঘদিন পর একজন জনপ্রতিনিধি প্রত্যাশীকে সরাসরি মাঠে কাজ করতে দেখা গেছে, যা ইতিবাচক বার্তা বহন করে। মোহাম্মদ আলী বলেন, নাগরিক দুর্ভোগ নিরসনই তার প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা হলে ৫৩ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে এবং জনস্বাস্থ্য পরিস্থিতিরও উন্নতি ঘটবে।