June 13, 2026, 12:41 am

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’

Reporter Name
  • আপডেট Friday, June 12, 2026
  • 6 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে সামাজিক প্রতিষ্ঠান ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’। ‘মাই ট্রি’ নামের এই অ্যাপটি তারা প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে প্রদান করতে আগ্রহী। ​বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ গাছ রোপণ করা হলেও সেগুলোর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও টিকে থাকার নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের ব্যবস্থা সীমিত। এই বাস্তবতা থেকেই ‘মাই ট্রি’ অ্যাপের ধারণার জন্ম।
এই অ্যাপের মাধ্যমে প্রতিটি রোপিত গাছের জিও-লোকেশন (জিপিএস), রোপণের তারিখ, প্রজাতি, ছবি, বৃদ্ধি এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে ট্র্যাক করা সম্ভব হবে। এর ফলে শুধু গাছ রোপণই নয়, বরং কতটি গাছ জীবিত রয়েছে এবং কীভাবে বাড়ছে তার নিখুঁত ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে, যা দেশের বৃক্ষরোপণ কার্যক্রমকে তথ্যভিত্তিক ও জবাবদিহিমূলক করবে।
​এছাড়া, আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারের সম্ভাবনা বিবেচনায় রেখে ‘ভেরা মেথডোলজি ভিএম০০৪৭ (এআরআর ’-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুসরণ করে অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ডিজাইন করা হয়েছে। এটি ভবিষ্যতে আন্তর্জাতিক মান অনুযায়ী তথ্য সংরক্ষণ, পর্যবেক্ষণ, যাচাই এবং জলবায়ু অর্থায়নের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৭ জুন ঢাকা কলেজ ক্যাম্পাসে ‘মাই ট্রি’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অ্যাপটির বিভিন্ন ফিচার ও কার্যকারিতা যাচাই করা হয়। ​ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বন সচিব এবং ‘২৫ কোটি বৃক্ষরোপণ সেল’-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞদের সঙ্গে অ্যাপটির ধারণা নিয়ে আলোচনা হয়েছে। তারা এই উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এটিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তিগত সমাধান হিসেবে অভিহিত করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মাই ট্রি’ অ্যাপ ও ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা হাছিব চৌধুরী। ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান মাহি, কাজী সালমান রহমান, ইয়াকুব শরীফ, নাইম হোসেন ও আজিজির রহমান ফয়সাল। এছাড়াও আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক এবং পরিবেশ সচেতন তরুণরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর