স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গীর গাজীপুরায় হোপলোন গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এরপর তারা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘শ্রমিকরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিই।’ এদিকে চলমান শ্রমিক আন্দোলনে সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হলে হাড়িকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। অবরোধের কারণে ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ও গাজীপুর পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।’