নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে ডেকে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পন্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়া স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে ইমামের মাধ্যমে ঘোষণা দেন, বুধবার সকালে ফ্যামিলি কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে সবাইকে তার দোকানে উপস্থিত হতে হবে। এ ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় এলাকার শত শত অসহায় ও দরিদ্র নারী বুধবার ভোর থেকেই রুবেল মিয়ার দোকানে ভিড় করেন।
তবে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিবর্তে প্রত্যেক নারীর কাছ থেকে ২০০ টাকা নিয়ে একটি করে গ্রামীণফোনের সিম দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে জানানো হয়, এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এভাবে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা সিম বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেন।
অভিযোগের বিষয়ে রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা প্রচার করেননি বলে দাবি করেন। তার ভাষ্য, মসজিদের ইমাম ঘোষণা দেওয়ার সময় ভুল করেছেন। তবে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আচারগাঁও গ্রামের বাসিন্দা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে ঘটনাস্থল ছেড়ে চলে যান মূল অভিযুক্ত রুবেল মিয়া।
স্থানীয় বাসিন্দা রিপন, আরজু ও তাহের উদ্দিন মাস্টারসহ ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিংয়ের ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড করতে এসে তারা ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। তবে পরে জানা গেছে, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।