স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রাতে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।