November 12, 2026, 10:16 pm

২০ লাখ টাকা চাঁদা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানির অভিযোগে পৃথক দুই মামলা, নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন গাজীপুরের ‘বাংলার রাঁধুনী’র স্বত্বাধিকারী

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 3 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে ‘বাংলার রাঁধুনী’ রেস্তোরাঁর স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মানহানি এবং সমঝোতার কথা বলে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পৃথক দুটি মামলা করেছেন।
হাবিবুর রহমান জানান, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মহানগর আদালত-৯-এ ৬৭০/২৬ নম্বর মামলা দায়ের করেন তিনি। মামলার প্রাথমিক পর্যায়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী সময়ে আসামিরা প্রকাশিত সংবাদ তাঁদের নয় বলে আদালতে দাবি করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন এবং আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা মুচলেকায় আগামী ২৪ তারিখ পর্যন্ত জামিন দেন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া মিথ্যা ও মানহানিকর ভিডিও প্রতিবেদন প্রকাশের অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ৪৭৭/২৬ নম্বর মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ তদন্ত করছেন ।
একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের সামনে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হাবিবুর রহমান। তিনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান দাবি করেন, ব্যবসায়িক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত প্রায় সাত বছর ধরে পার্শ্ববর্তী ব্যবসায়ী মোহাম্মদ রেজানুর ইসলাম এবং কথিত সাংবাদিক মেহেদী হাসান তাঁকে ও তাঁর প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ, থানায় মামলা এবং নানাভাবে হয়রানির চেষ্টা করেও সফল না হয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যম ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন পোর্টাল এবং পত্রিকার নাম ব্যবহার করে তাঁর, বন্ধু-বান্ধব, স্বজন ও পরিচিতজনদের ছবিসহ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। গত দুই মাসে তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে ঘিরে প্রায় ৬০ থেকে ৭০টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রকাশিত প্রতিবেদনগুলো ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানো হচ্ছে বলে জানান হাবিবুর রহমান।
লিখিত বক্তব্যে তাঁর সবচেয়ে গুরুতর অভিযোগ, সমঝোতার কথা বলে নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি কখনোই স্বাধীন সাংবাদিকতার বিরোধী নন। তবে তথ্য-প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ প্রকাশের নামে হয়রানি এবং ব্যক্তিগত স্বার্থে গণমাধ্যমের অপব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি সাংবাদিকদের প্রতি প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ও দায়ের করা মামলাগুলোর প্রকৃত তথ্য অনুসন্ধানের অনুরোধ করেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে—অপপ্রচার ও মানহানির অভিযোগ নিরপেক্ষ তদন্ত, চাঁদা দাবির ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
দীর্ঘ ১৮ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, তিনি কারও সঙ্গে সংঘাতে যেতে চান না। তিনি শুধু ন্যায়বিচার, নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ এবং নিজের ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার নিশ্চয়তা চান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর